ঢাকা : বলতে বলতে শেষের দিকে এসএ গেমসের ১২তম আসর। আগামীকাল (মঙ্গলবার) গুয়াহাটিতে পর্দা নামছে জমজমাট এই আসরটির। অন্তিমলগ্নে এসে (সোমবার) আরো দুটি রৌপ্য পদক জিতল বাংলাদেশ। এই পদক দুটি এসেছে মহিলাদের হ্যান্ডবল ও ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে।
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছে ভারত। স্বাগতিকদের পয়েন্ট ছিল ১১৩৩। আবার ১০৯৩ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছে শ্রীলঙ্কা। আরদিনা ফেরদৌস, আরমিন আশা ও তুরিঙ দেওয়ানের হাত ধরে রৌপ্য পদক পেয়েছে বাংলাদেশ। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে বাংলাদেশের ঝুলিতে জমা পড়ে ১১০৩ পয়েন্ট।
এদিকে মহিলা হ্যান্ডবলেও তীরে এসে তরী ডুবালেন বাংলাদেশের খেলোয়াড়রা। ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। স্বাগতিকদের কাছে ৪৫-২৩ পয়েন্টে পরাস্ত হয় বাংলাদেশ। একই দিনে ফুটবলে বোঞ্চ জিতেছে বাংলাদেশ। এই পদক জয়ে দীর্ঘ ২৫ বছরের আক্ষেপ ঘুঁচল তাদের।
১৯৯১ থেকে ২০১৬ সাল। এর মাঝে কেটে গেছে ২৫টি বছর। এই সময়ের মধ্যে ফুটবলে ব্রোঞ্জ জেতা হয়নি বাংলাদেশের। ১২তম এসএ গেমসে দ্বিতীয়বারের মতো ফুটবলে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপকে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় হারিয়েছে বাংলাদেশ। ব্যবধানটা ৭-৬ গোলের।
এর আগে নির্ধারিত সময়ে ২-২ গোলে অমিমাংসিত ছিল ম্যাচটি। টাইব্রেকারে মালদ্বীপের ইসমাঈল ঈসা গোল করতে ব্যর্থ হলে জয় নিয়েই মাঠ ছাড়ে রাসেল মাহমুদরা। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেছেন নাবিব নেওয়াজ জীবন ও সোহেল রানা। মালদ্বীপের হয়ে জোড়া গোল করেন ইসমাঈল ঈসা।
0 Comment "এসএ গেমসে আরো দুটি রৌপ্য"
Post a Comment